চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১৯ মে) বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের আনুষ্ঠানিক যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে সংসদে ‘সিটি করপোরেশন (সংশোধন) আইন, ২০২৬’ পাস হয়েছে। নতুন আইনের অধীনে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে অনুষ্ঠিত হবে। বগুড়া সিটি করপোরেশনের তফসিল দেশের আরও ১২টি সিটি করপোরেশনের সঙ্গে একযোগে ঘোষণা করা হবে।
নতুন সিটি করপোরেশনগুলোর কার্যক্রম গতিশীল করতে চলতি অর্থবছরেই প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, বগুড়া সিটি করপোরেশনের জন্যও দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।
বিরোধীদলগুলোর নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য দল প্রস্তুতি নিচ্ছে। তবে যেহেতু নির্বাচন দলীয় প্রতীকে হবে না, তাই সব প্রার্থীই নিরপেক্ষভাবে নির্বাচনে অংশ নেবেন।









