বাঁশখালীতে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। নিহত নাম মো. হাছান (২৪)। এ ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ভোর রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় সংঘর্ষে ঘটনা ঘটে। নিহত হাছান ওই এলাকার মো. বশরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই এলাকার দুই ভাই মো. বশর ও নাছির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

এ সময় নাছির উদ্দিনের ছেলে রাকিব লাঠি দিয়ে হাছানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। সংঘর্ষে হাছানের বাবা বশরও আহত হন। পরে গুরুতর অবস্থায় হাছানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram