প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমকে চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় বিএনপির এক নেতা।
এর প্রতিবাদে শনিবার (৪ এপ্রিল) বিকেলে চন্দনাইশ উপজেলায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে ঝাড়ু হাতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— ‘জামায়াত-শিবিরের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘জিয়ার সৈনিক এক হও’ এবং ‘তারেক জিয়ার ঘাঁটি, চন্দনাইশের মাটি’।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, কর্নেল অলি আহমেদ বর্তমানে পরাজিত হয়ে ‘অসামঞ্জস্যপূর্ণ’ বক্তব্য দিচ্ছেন। তারা আরও দাবি করেন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ‘বেইমানি’ করেছেন এবং বর্তমানে তারেক রহমানের বিরুদ্ধেও একই আচরণ করছেন।
সমাবেশে বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম হাশেম রাজু। তিনি বলেন, “স্বাধীনতার ঘোষণা বিকৃতিকারী এবং ওয়ান-ইলেভেনের কুশীলব কর্নেল (অব.) অলি আহমদকে রোববার থেকে চন্দনাইশ ও সাতকানিয়ার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আনোয়ারা ও পটিয়া হয়ে চন্দনাইশ অভিমুখে প্রবেশের সব পথ তার জন্য নিষিদ্ধ করা হয়েছে।”
তিনি আরও বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস রক্ষা এবং দলীয় নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন।
সমাবেশে আরও বক্তব্য দেন সিরাজুল ইসলাম সওদাগর, আব্দুল মাবুদ মাহবুব, মুর্শিদুল আলম মুন্না, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, সেকান্দার বাদশা, আরিফুল ইসলাম মারুফ ও আব্দুর রউফসহ স্থানীয় নেতারা।









