চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজের আট বছর বয়সী মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জান্নাতুল ফেরদৌস (৩২) নামে এক নারী। এ ঘটনায় মেয়েটি রাইছা মারা গেলেও মা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাদ্য গুদামসংলগ্ন ইছামতী খালে এ ঘটনা ঘটে।
নিহত রাইছা উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাজী আফজাল আহমদের বাড়ির প্রবাসী কায়সারের মেয়ে। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সে ছিল সবার ছোট। রাইছা সদর উপজেলার একটি কিন্ডারগার্টেন স্কুলের কেজি শ্রেণির শিক্ষার্থী। তার মা জান্নাতুল ফেরদৌস চাতরী ইউনিয়নের সুজারমল্লা পাড়ার আব্দুল লতিফের মেয়ে।
জান্নাতুল ফেরদৌসের শ্বশুর বাড়ির সদস্য মহিম জানান, প্রতিদিনের মতো মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন তিনি। পরে খবর পেয়ে হাসপাতালে এসে দেখা যায়, রাইছা মারা গেছে এবং তার মা চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে জান্নাতুল ফেরদৌসের মা খদিজা আক্তার অভিযোগ করে বলেন, শ্বাশুড়ির নির্যাতনের কারণে তার মেয়ে নাতনিকে নিয়ে খালে ঝাঁপ দেয়। তিনি এ ঘটনার জন্য মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে দায়ী করেন।
উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ জানান, এক ভ্যানচালকের মাধ্যমে খবর পেয়ে দুপুর পৌণে ১টার দিকে মা-মেয়েকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুছার্রাত জানান, হাসপাতালে নেওয়ার পর শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। তার মাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহানুর রহমান সোহাগ জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে এবং আহত নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হচ্ছে।









