আত্মীয়ের জানাজা পড়তে যাওয়ার পথে লোহাগাড়া উপজেলার পদুয়া সিকদার এলাকায় মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে রেজাউল করিম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মৌলভী পাড়া এলাকার সৈয়দ আহমদের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং দুই কন্যা সন্তানের জনক।
নিহতের ছোট ভাই মোহাম্মদ হোসেন জানান, সকালে তিনি ও তাঁর দুই ভাই মোটরসাইকেলযোগে সাতকানিয়া থেকে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে কক্সবাজারের চকরিয়ার উদ্দেশে রওনা দেন। পথে পদুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে রেজাউল করিম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, হাসপাতালে আনার আগেই রেজাউল করিমের মৃত্যু হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রলিটি আটক করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









