চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগে মো. ফারুক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার গোচরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার ফারুক পারুয়া ইউনিয়নের হাজানিহাট এলাকার কাজী বাড়ির মো. হারুনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বনগ্রাম এলাকার নতুন গ্রামে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মানসিকভাবে প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তা নারী। জীবিকা নির্বাহের জন্য তিনি স্থানীয় বাজারে ভিক্ষাবৃত্তি করতেন এবং উপার্জিত অর্থ ফারুকের কাছে রাখতেন। এই সুযোগে ফারুক ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বনগ্রাম আজিজনগর এলাকার একটি পরিত্যক্ত গ্যারেজে একাধিকবার তাকে ধর্ষণ করেন।
পরে ঐ নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি প্রকাশ পায়। এরপর ফারুক গর্ভপাত ঘটানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। কয়েকদিন আগে ভুক্তভোগী এক কন্যাসন্তানের জন্ম দেন।
এ ঘটনায় সুমাইয়া বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা করেন। এরপর থেকে ফারুক আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. বেলায়েত হোসেন, পিপিএম-এর তত্ত্বাবধানে ও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদারের নির্দেশে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করা হয়।
ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করা হবে। নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে রাঙ্গুনিয়া পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’









