- চট্টগ্রাম সারাদিন - http://chattogramsaradin.com/ -

পিতাকে হত্যা করে আত্মহত্যা দেখানোর চেষ্টা, অবশেষে ধরা পড়লেন ছেলে

খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় বাদাম বিক্রেতা মাখন চন্দ্র নাথ (৫৪) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। পিতাকে হত্যার দায়ে নিহতের ছেলে শুভ চন্দ্র নাথ (১৯) কে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে রামগড় থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই দিবাগত রাতে রামগড় পৌরসভার উত্তর গর্জনতলী এলাকার নিজ বাড়ি থেকে বাদাম বিক্রেতা মাখন চন্দ্র নাথের মরদেহ উদ্ধার করা হয়। গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার হলেও শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পুলিশের সন্দেহ হয়।

পরদিন নিহতের ভাই রাখাল চন্দ্র নাথ (৭০) বাদী হয়ে রামগড় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্তে পুলিশ জানতে পারে, ঘটনার রাতে পারিবারিক বিষয়ে পিতা-পুত্রের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ছেলে শুভ চন্দ্র নাথ কোদালের হাতল দিয়ে পিতার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে দেয় এবং মাকে ভয় দেখিয়ে কাউকে কিছু না বলতে বাধ্য করে।

রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘গ্রেপ্তারের পর শুভ চন্দ্র নাথ তার পিতাকে হত্যার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’