জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ লিটন মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় এক উপ-পরিদর্শক (এসআই)সহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার সওদাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া লিটন মিয়াসহ পাঁচজনকে আটক করে পুলিশ। বিষয়টি বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ নিশ্চিত করেছেন।
আহতরা হলেন— এসআই রাসেল আহম্মেদ (৩২) ও কনস্টেবল আমিরুল ইসলাম (৫৩)। তারা বর্তমানে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আটক ব্যক্তিরা হলেন— মাদক কারবারি লিটন মিয়া (৪৫), তার ছেলে সিয়াম মিয়া (২২), স্ত্রী ফিরোজা বেগম (৫৫), রিপন মিয়া (২০) ও শামীম (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে লিটন মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে থানায় নেওয়ার পথে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে লিটন মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। হামলায় এসআই রাসেল আহম্মেদ ও পুলিশ সদস্য আমিরুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ‘পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’









