বান্দরবানে কুকি-চিন সন্ত্রাসীদের হামলায় ২ সেনাসদস্য নিহত

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর একটি টহল টিমের ওপর কুকি-চিন সন্ত্রাসীদের হামলায় দুই সেনাসদস্য নিহত হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়।

বুধবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা উপজেলার সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়ি পাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর আসে। এই সংবাদ পেয়ে সুংসুংপাড়া আর্মি ক্যাম্প থেকে মেজর মনোয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল মঙ্গলবার (১৬ মে) দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট স্থানে যায়।

টহল দলটি জারুলছড়ি পাড়ার নিকটস্থ পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে কেএনএ সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণের মুখে পড়ে। এতে দুজন অফিসার ও দুই সৈনিক আহত হন। তাদের দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে সিএমএইচ চট্টগ্রামে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আহত দুই সৈনিক মারা যান। আহত দুই অফিসার বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram