বাহিনী প্রধানদের কাছে পাঠানো হলো হাসিনাসহ ৩০ জনের পরোয়ানা

গুমের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও সশস্ত্র বাহিনীর ১২টি দপ্তরে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বুধবার বিকেলে দুই মামলায় মোট ৩০ আসামির বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি ও সংশ্লিষ্ট ১২টি দপ্তরে পাঠানো হয়েছে।

১২টি দপ্তর হলো— চিফ অব আর্মি স্টাফ, চিফ অব জেনারেল স্টাফ, এডজুট্যান্ট জেনারেল (আর্মি হেডকোয়ার্টার), ডিজি ডিজিএফআই, ডিজি এনএসআই, প্রিন্সিপাল স্টাফ অফিসার (আর্মড ফোর্সেস ডিভিশন), সচিব (প্রধান উপদেষ্টার কার্যালয়), ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ডিরেক্টর পার্সোনেল সার্ভিস ডিরেক্টরেট (বাংলাদেশ সেনাবাহিনী), কমান্ড্যান্ট আর্মি সিকিউরিটি ইউনিট, প্রভোস্ট মার্শাল এবং সিইও (আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন)।

এর আগে, বুধবার (৮ অক্টোবর) টিএফআই সেলে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে এবং জেআইসি গুম মামলায় আরও ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

একই দিন সকালে এ দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন।

মামলাগুলোতে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এর মধ্যে অনেকেই বর্তমানে চাকরিতে রয়েছেন।

চিফ প্রসিকিউটর জানান, সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ফরমাল চার্জ দাখিলের পর আসামিরা আর কোনো সরকারি বা সামরিক পদে থাকতে পারবেন না।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram